মোমিন মেহেদী শান্তাসহ ৬ জন কারাগারে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে সংঘর্ষের ঘটনায় করা মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সেই সাথে তদন্তের স্বার্থে পরবর্তীতে তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক কামাল উদ্দীন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্তের প্রয়োজন হলে পরবর্তীসময়ে তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

কারাগারে পাঠানো অন্যরা হলেন- নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ডা: নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল এবং হরী সরকার।

আদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাগ থানার মামলায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মসূচির সময় আসামিরা উসকানিমূলক স্লোগান ও মিছিল করেন। এ সময় বাদি বাবুল সরকার, এসডিএফের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস এবং জুলাই আন্দোলনের কয়েকজন প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। আয়াসকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়।

পুলিশ আদালতকে জানিয়েছে, থানা হাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে কিছু তথ্য দিলেও সহযোগী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি। মামলার সুষ্ঠু তদন্ত, অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং আসামিদের পরিচয় যাচাইয়ের স্বার্থে তাদের কারাগারে রাখা প্রয়োজন। তদন্তের স্বার্থে পরবর্তীতে তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কয়েক ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তা ফারজানাসহ ছয়জনকে হাসপাতাল থেকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে শাহবাগ থানায় দেয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।