রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামে গত শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল আয়োজিত ‘নাজেরা গ্র্যাজুয়েশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।’। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে নাজেরা সমাপনী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা পুরস্কার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাবিবুল্লাহ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মারজিয়া বেগম। তিনি তার বক্তব্যে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষাবিস্তারের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘তানজিমুল উম্মাহ বিশ্বের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত হোক- এটিই আমার প্রত্যাশা। বিজ্ঞান ও আইসিটি-সমৃদ্ধ এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
কৃতি শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করেন। চেয়ারম্যান হাবিবুল্লাহ ইকবাল তাদের আল-আজহারের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা তৈরির পরামর্শ দেন এবং অর্জিত জ্ঞানকে জীবনব্যাপী কাজে লাগানোর তাগিদ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্টিজ স্টাডিজ ইউনিভার্সিটির (কানাডা) সহযোগী অধ্যাপক ড. আসাদউল্লাহ, অধ্যাপক ড. মুনসুর-ই-এলাহি, ড. মাহবুব রাব্বানী, শেখ ড. আবুল কালাম আজাদ মাদানী, অধ্যাপক মো. মোক্তার আহমেদ, ড. আহসাব ইমরুজ প্রমুখ। গত শনিবার শাহ মোহাম্মদ ওলিউর রহমান চিশতীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পরিবেশন করেন শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কোরআন তেলাওয়াত। নাজেরা সমাপনী এই আয়োজন শিক্ষা-অনুপ্রেরণায় উজ্জ্বল এক মিলনমেলা হয়ে ওঠে। বিজ্ঞপ্তি।



