নবীন চৌধুরী ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নে বংশী নদীর ওপর নির্মিত প্রায় ২২ বছরের পুরনো দর্শা বেইলি সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহনসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে নির্মিত সেতুটি বর্তমানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে রয়েছে। কয়েক মাস আগে সেতুর মাঝের স্টিলের পাটাতন ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সওজ বিভাগ সাময়িকভাবে মেরামত করে যান চলাচল চালু করলেও ঝুঁকি এখনো রয়ে গেছে। বিকল্প সড়ক না থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে এ সেতু ব্যবহার করছেন।
স্থানীয় বাসিন্দা আলী ইমাম বলেন, দ্রুত নতুন সেতু নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেতুর দুই পাশেও খানাখন্দ থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
ভালুম গ্রামের আবুল হোসেন জানান, কিছুদিন আগে একটি মালবাহী ট্রাকের নিচে পাটাতন ভেঙে সেটি ঝুলে পড়েছিল। পরে সেটি উদ্ধার করে সাময়িক মেরামতের মাধ্যমে যান চলাচল চালু করা হয়, যা স্থায়ী সমাধান নয়। সিএনজিচালক সামাদ বলেন, বিকল্প পথ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়েই সেতুটি ব্যবহার করতে হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান তিনি। এ বিষয়ে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন জানান, বেইলি সেতুর পরিবর্তে আরসিসি সেতু নির্মাণ এবং সংশ্লিষ্ট সড়ক প্রশস্তকরণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, সেতুটি কয়েক মাস আগে সাময়িকভাবে মেরামত করা হয়েছে। নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং এর নকশা প্রণয়নের কাজ চলছে। দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



