বাসস
আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা সম্পূর্ণ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এখতিয়ার। তবে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকাবস্থায় মাঠপর্যায়ে দলটির যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘বিচার না হওয়া পর্যন্ত যেহেতু দলটি বিচারাধীন থাকবে, তাই কোনো কর্মসূচি নিয়ে তারা মাঠে নামলে সেটি আইনভঙ্গকারী কাজ হিসেবে গণ্য হবে এবং সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’ তিনি আরো মন্তব্য করেন, ‘মাঠের রাজনীতিতে নামার মতো আওয়ামী লীগের কোনো নৈতিক সাহস বা সক্ষমতা নেই। কারণ কিছু লুটপাটকারী, মাফিয়া ও চোর-বাটপারদের সেই সাহস থাকে না।’
ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে ডা: জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের বড় কিছু করার সক্ষমতা না থাকলেও তাদের কাছে প্রচুর অবৈধ টাকা রয়েছে। সেই টাকা খরচ করে তারা যাতে হঠাৎ কোনো নাশকতা বা সহিংসতা ছড়াতে না পারে, সে জন্য জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েন রেখেছে।’ নির্বাচনে অংশ নেয়ার গণতান্ত্রিক পরিধির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সংগঠন হিসেবে তাদের সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়া। সভ্য দেশের নাগরিক হিসেবে আদালত যে রায় দেবে, সবাইকে তা মেনে নিতে হবে।
আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণের সুযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, আসন্ন স্থানীয় নির্বাচনগুলো সম্পূর্ণ নির্দলীয় ও প্রতীক ছাড়া হবে। ফলে অতীতে কেউ আওয়ামী লীগ করলেও তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ বা মামলা না থাকে, তবে তিনি ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে কোনোভাবেই দলীয় ব্যানার, স্লোগান বা দলীয় কর্মসূচি সামনে আনা যাবে না। আর অপরাধী হলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইয়াসীন এবং তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।



