কূটনৈতিক প্রতিবেদক
পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রফতানির অনুমতি মিলেছে। আনারস রফতানির সুযোগ তৈরি হওয়ায় দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রফতানির প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পথ সুগম হয়েছে।
গতকাল ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে, পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। এ অনুমতি পাওয়ার জন্য ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, করাচি উপহাইকমিশন, কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে গত কয়েক বছর ক্রমাগত যোগাযোগ রক্ষা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতির অবসান ঘটিয়ে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নীতি পরিবর্তন এবং জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকারের এ নীতির ধারাবাহিকতা বজায় রাখা, দুই দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক জাহাজ চলাচল এবং নতুন কৃষি চুক্তির ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্যাপক উল্লম্ফন ঘটেছে। বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরালোভাবে গতি ফিরে পেয়েছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রবৃদ্ধি দুই অঙ্কে পৌঁছেছে।



