ক্রীড়া প্রতিবেদক
উপরে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, সুমাইয়া মাতসুসিমা। আর পোস্টের নিচে স্বপ্না আক্তার ঝিলি। তাদের সমন্বয়ে সাফ নারী ফুটসালে এখনো অপরাজিত। তিন ম্যাচে পেয়েছে দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ দল দ্বিতীয় খেলায় অপ্রত্যাশিতভাবে ড্র করেছিল ভুটানের সাথে। ৩-৩ গোলে সেই ড্রয়ে শঙ্কায় পড়েছিল সাবিনা খাতুনের দল। তবে গতকাল নেপালের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত এক জয়। এই ৩ পয়েন্ট পাওয়ায় শিরোপার লড়াইয়ে থাকা হলো খোদা রাহমির দলের। আগামীকাল বাংলাদেশ দলের পরের ম্যাচ শ্রীলঙ্কার সাথে।
সাবিনা, কৃষ্ণা, মাছুরা , সুমাইয়ারা বাংলাদেশের নারী ফুটবলে প্রতিষ্ঠিত মুখ। তবে কয়জনে চেনেন গোলরক্ষক ঝিলিকে। ময়মনসিংহের নান্দাইলের এই মেয়ে জাতীয় দলে ছিলেন। তবে খেলার সুযোগ পাননি। অনূর্ধ্ব-১৬ জাতীয় দলেও তার ঠিকানা ছিল রিজার্ভ বেঞ্চ। এরপর জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়ে দেশের বিভিন্ন স্থানে খ্যাপের ফুটবলে ব্যস্ত হয়ে পড়েন। দুই হাতে টাকা কামিয়েছেন। সেই স্বপ্না আক্তার ঝিলি এখন মাতাচ্ছেন সাফ নারী ফুটসালের মাঠ। গতকাল পোস্টে নিচে তার দুর্দান্ত পারফরম্যান্স জিতিয়েছে দলকে। বিশেষ করে শেষ দিকে তিনি যেভাবে পোস্টকে অখ্যাত রেখেছেন তা ছিল প্রশংসনীয়।
সাহসী গোলরক্ষক হিসেবে নাম ডাক আছে সুন্দরী গোলরক্ষক ঝিলির। খ্যাপের ফুটবলে বড় তারকা। সাফ নারী ফুটসালের কারণেই তার খেলা হয়নি এবারের লিগে। সাথে সাবিনা, মাছুরা, কৃষ্ণাদেরও। এখন তাদের দায়িত্ব বাংলাদেশ দলকে প্রথম নারী সাফ ফুটসালের শিরোপা এনে দেয়া। এই স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।
থাইল্যান্ডের ব্যাংককে নেপালের বিপক্ষে প্রথম থেকেই দাপট দেখাতে থাকে বাংলাদেশ। যদিও গোল পেতে বিলম্ব হয়েছে। ৫ মিনিটে সুমাইয়ার পাস থেকে বল জালে পাঠাতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন। অবশ্য বাংলাদেশের ফুটবলের বড় এই তারকা আর হতাশ করেননি। কৃষ্ণার পাস থেকে বল জালে পাঠান তিনি। ৫ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ। এবার গোলদাতা কৃষ্ণা রানী। এতে ছিল তার বুদ্ধি ও সেন্সের পরিচয়। বল বিপক্ষ ডিফেন্ডারের ফাঁক গলে সামনে নেন এই স্ট্রাইকার। বাকি কাজ সারেন ডান পায়ের জোরালো শটে। এতে জয়ের আত্মবিশ্বাস বাড়ে বাংলাদেশ দলের। ৩৩ মিনিটে লাল-সবুজ মেয়েরা ৩-০তে এগিয়ে যায়। এবারের গোলদাতা লিপি আক্তার। জাপানি মায়ের মেয়ে সুমাইয়ার পাস থেকে নেপালি গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
গোল পাওয়ার চেষ্টা কম করেনি নেপাল। তবে পোস্টের নিচে গোলরক্ষক ঝিলির দৃঢ়তা অক্ষত রাখে বাংলাদেশ দলের পোস্ট।



