তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহস, এটিই লালমনিরহাটের পরিচয় : আসাদুল হাবিব দুল

Printed Edition

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, ‘লালমনিরহাট শুধু একটি জেলা নয়, এটি উত্তর জনপদের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও সংগ্রামের প্রতিচ্ছবি। তিস্তা পাড়ের এই মানুষদের জীবন-জীবিকা, কৃষি ও সংস্কৃতিকে কেন্দ্র করে লালমনিরহাটের একটি স্বতন্ত্র অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে।

তিনি বলেন, তিস্তা ও ধরলাসহ নদ-নদীকে ঘিরে লালমনিরহাটের মানুষের জীবন আবর্তিত। বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, কৃষিপণ্যের বহুমুখীকরণ ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটাতে পারলে লালমনিরহাট উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে। সীমান্তবাণিজ্য, কৃষি, পর্যটন ও মানবসম্পদ- প্রতিটি ক্ষেত্রেই এ জেলার রয়েছে অপার সম্ভাবনা।

বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সার্কিট হাউজে ‘হামার লালমনি’ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী কথাগুলো বলেন।

লালমনিরহাটের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই জনপদের মানুষের জীবনযাপন, লোকসঙ্গীত, লোকঐতিহ্য ও উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির মূল্যবান সম্পদ। উন্নয়নের সাথে সাথে আমাদের শেকড়, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করতে হবে।

ঐতিহ্য ও সম্ভাবনার সমন্বয়ে লালমনিরহাটকে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তির লীলাভূমি হিসেবে গড়ে তোলা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহা: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।