সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

রাষ্ট্রপতিকে নোবিপ্রবির অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী রাষ্ট্রপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নব দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির বিচক্ষণ দিক নির্দেশনায় দেশের উচ্চশিক্ষা খাত আরো গতিশীল হবে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির প্রায়োগিক ব্যবহার এবং আন্তর্জাতিক মানের গুণগত গবেষণার প্রসার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। আমাদের প্রত্যাশা, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন। নোয়াখালী অফিস।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোহাব্বত, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন লেবু, সদস্যসচিব রাশিদুল হাসান প্লাবনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।

বিএসআরএমের চুরি হওয়া রড উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে রড বহনকারী চুরি যাওয়া ট্রাকটিও খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জোরারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো: রিয়াদ হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানি থানার হাফিজ মোল্লার ছেলে ট্রাকের হেলপার মো: হাদিছ মোল্লা এবং নওগাঁর মোহাম্মদপুর থানার মৃত কাঞ্চন শেখের ছেলে আবুল বাশার ওরফে বাঁশি। পুলিশ জানায়, গত ১৪ আগস্ট (শুক্রবার) বেলা ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কোম্পানি থেকে বিভিন্ন আকারের ১৩ টন লোহার রড একটি ট্রাকযোগে সুনামগঞ্জে পাঠানো হচ্ছিল। পথে ট্রাকবোঝাই রড চুরি হয়ে যায়। ঘটনার পর চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে জোরারগঞ্জ থানা পুলিশ। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

কাউখালীতে নৌপুলিশের ওপর হামলা

পিরোজপুরের কাউখালীতে নদীতে টহল শেষে ফেরার পথে নৌপুলিশের সদস্যদের ওপর সঙ্ঘবদ্ধ হামলা করা হয়েছে। এ সময় মো: জাকির হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। হামলায় নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আরমান হোসেনসহ আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রধান আসামি মো: শান্তকে (২২) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার বিকেলের দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বিআইডব্লিউটিএ পন্টুন সংলগ্ন গোপাল স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নৌপুলিশের একটি দল নদীতে নিয়মিত টহল শেষে ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ফুট পেট্রোল করছিল। এ সময় মো: শান্ত পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ শুরু করেন। এর কারণ জানতে চাইলে তিনি পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে কাউখালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আরমান হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।

৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ

সরকারি ভূমির ওপর নির্মিত দোকান উচ্ছেদ না করে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার খান মো: রেজা উন-নবীসহ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাত কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালত। গত বুধবার এই আদেশ দেন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ। মামলার বাদি অভিযোগ করেন, সিলেট সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ডের অন্তর্গত গোয়ালগাও মৌজার ১১৮৫নং দাগে সরকারি রাস্তা রকম ভূমির পশ্চিম দিকে ১৩ ফুট অংশের ওপর তেলিরাই গ্রামের সোলেমানের ছেলে মনা ও আহাদ কর্তৃক অবৈধভাবে নির্মিত দোকান অপসারণ না করে আসামিরা অবৈধ যোগাযোগীমূলে রাস্তার পূর্ব দিকে মামলার ১নং সাক্ষী সৈয়দ ইকবাল আলীর ব্যক্তি মালিকানাধীন ভূমি দখল করে ড্রেন নির্মাণ করেন। এতে করে বাদি ও অন্যান্য স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি একাধিকবার লিখিত আকারে সিটি করপোরেশনকে জানানো হলেও সিটি করপোরেশন কর্তৃপক্ষ অবৈধ দোকান উচ্ছেদ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গায় ড্রেন নির্মাণ করেন। সিলেট ব্যুরো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু

দাফতরিক কাজে ডি-নথির ব্যবহার বাড়ানো এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

গতকাল গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম ডি-নথি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দাফতরিক কাজে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কাগজহীন (পেপারলেস) অফিস বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তারা মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন। পরে নিজ নিজ দফতরে ডি-নথি কার্যক্রম চালু ও বাস্তবায়নে সহায়তা করবেন তারা। দুই দিনের প্রশিক্ষণে ই-নথি ও ডি-নথি ব্যবস্থার পরিচিতি, লগইন প্রক্রিয়া, প্রোফাইল ব্যবস্থাপনা, ডাক আপলোড ও ব্যবস্থাপনা, ডাক ট্র্যাকিং, অনলাইনে সিদ্ধান্ত গ্রহণ, নথি উপস্থাপন, নোট লেখা ও খসড়াপত্র তৈরির বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ ছাড়া ডিজিটাল নথি নম্বর, শাখা কোড, নথির ধরন কোডসহ ডি-নথি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়েও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম ও উপপরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস। প্রশিক্ষণের প্রথম দিনের সমাপনী সেশনে ডিজিটাল নথি নম্বর, নথির ধরন কোড এবং গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রতিনিধি।