সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

খাবারের বিষক্রিয়ায় অর্ধশত অসুস্থ

মহান মে দিবস উপলক্ষে সরবরাহ করা খাবার খেয়ে দিনাজপুরে অর্ধশতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, দিনাজপুর উপশহরের গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থানীয় ‘টেস্টি ট্রিট’ প্রতিষ্ঠান থেকে খাবার সরবরাহ করে। ওই খাবার গ্রহণের কিছুক্ষণ পরই একে একে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, দিনাজপুর সদর হাসপাতাল ও ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, প্রাথমিকভাবে এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাক চক্ষু হাসপাতাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুনবী জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনাজপুর প্রতিনিধি।

দ্বিতীয় যমুনা সেতুর স্থান নির্ধারণ

দ্বিতীয় যমুনা সেতুর স্থান নির্ধারণে জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গতকাল শনিবার দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের দাবি বাস্তবায়নে সরকার ইতিবাচকভাবে কাজ করছে। সেতুটি নির্মিত হলে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ ও সাশ্রয়ী হবে। এতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, নদীভাঙন প্রতিরোধও এ অঞ্চলের মানুষের প্রধান দাবি। সে লক্ষ্যে ইতোমধ্যে ৫৭০ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। আগামী বাজেট ঘোষণার পর পূর্ণাঙ্গভাবে প্রকল্প বাস্তবায়ন শুরু হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।

হাসপাতালে ১২ দালাল আটক

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের টার্গেট করে প্রতারণায় জড়িত একটি দালাল চক্রের ১২ সদস্যকে আটক করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব-৪ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আটজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি হাসপাতালের মূল ফটকে অবস্থান নিয়ে রোগীদের ভুল তথ্য দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। সেখানে পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। সামান্য কমিশনের বিনিময়ে তারা এই কাজ করত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দালালদের শনাক্ত করা হয় এবং তারা দোষ স্বীকার করায় তাৎক্ষণিক সাজা দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি।

সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারির দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মো: আরমান (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দোকানের দুই কর্মচারী কামাল উদ্দিন (৪৪) ও হেলাল উদ্দিন (১৯) গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় কুমিরা মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারির দোকানে লোহা কাটার কাজে ব্যবহারের জন্য ভ্যানগাড়িতে করে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আরমানের মৃত্যু হয়। বিস্ফোরণে দোকানের দুই কর্মচারী কামাল ও হেলাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা এবং তাদের বাড়ি সীতাকুণ্ডের কুমিরা এলাকায়। সীতাকুণ্ড মডেল থানার এসআই নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, নিহত আরমানের বাড়ি কুমিল্লা জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে কুমিরা এলাকায় বসবাস করে আসছিলেন। সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা।

নাগরদোলা ভেঙে আহত ৫

ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদসংলগ্ন জয়নুল উদ্যানে চলন্ত অবস্থায় নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির দিনে উদ্যানে দর্শনার্থীদের ভিড় ছিল। এ সময় হঠাৎ নাগরদোলাটি ভেঙে পড়ে গেলে শিশুসহ অন্তত পাঁচজন আহত হন। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ভজন সরকারের (৪০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়াই নাগরদোলা বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। প্রশাসনের নজরদারির অভাবেই এ দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়মনসিংহ অফিস।

রাঙ্গামাটিতে ব্যবসায়ীদের প্রতিবাদ

রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণা বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার জেলা শহরের বনরূপা এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী মো: মোজাম্মেল অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালিয়ে আসছে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। তিনি জানান, এ ঘটনায় তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে বরকল থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী নেতারা বলেন, এ ধরনের হয়রানি সৎ ব্যবসার পরিবেশ নষ্ট করছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। রাঙ্গামাটি প্রতিনিধি।

রূপগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ফারিহা (১২) ও টুম্পা (৮)। তারা সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে সোনাবো এলাকায় পরিবারের সাথে বসবাস করছিল। স্থানীয়রা জানান, দুপুরে পুকুরপাড়ে খেলাধুলার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদেরকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

সিলিন্ডারে ১ লাখ ইয়াবা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন কক্সবাজার জেলার মো: সলিম উল্লাহ (৪৩), মহেশখালী উপজেলার মো: হাসান মুরাদ (৪৮) এবং একই এলাকার মো: মজিদ আলম ওরফে মরজান (৩৫)। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মো: খালেদ সাইফুল্লাহ জানান, সিএনজি অটোরিকশায় ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অটোরিকশাটি আটক এবং ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা

হয়েছে। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা।