নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদকের গডফাদার হিসেবে পরিচিত ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজলকে তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, হেরোইন ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতা অন্যরা হলেন- মো: বাপ্পী (২৮), মো: হানিফ (৪০) ও মোছা: শামসুন্নাহার (৪৫)।
শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, গত ২ মার্চ বিশেষ অভিযানের সময় তিন থেকে চারজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক পরিদর্শককে পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে ওয়ারী থানা পুলিশ প্রথমে তিনজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র জব্দ করে। পরে আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে তারা জানায়, হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী অটো সজল। এরপর বৃহস্পতিবার রাতে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অটো সজলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। স্বামীবাগ এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার আরো তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। অভিযানে বাসা থেকে দু’টি ‘টরাস’ ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে দু’টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি, হেরোইন ও মাদক বিক্রির টাকা পাওয়া যায়। এ ছাড়া ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
অন্য দিকে রাজধানীর পল্লবী এলাকায় এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো: মানিক (২৯) নামে একজন পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক পুলিশ। পরে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার ভুক্তভোগীকে বুঝিয়ে দেয়া হয়েছে।



