ইসির ঘোষণা

হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

Printed Edition

বিশেষ সংবাদদাতা

হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারাই এই হালনাগাদ তালিকায় যুক্ত হবেন। এ ক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের তথ্যই ১৪ মে প্রকাশিতব্য তালিকায় স্থান পাবে। ইসির জনসংযোগ পরিচালক মো: রুহুল আমিন মল্লিক গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের পুরো প্রক্রিয়াটি কমিশনের অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে। খসড়া তালিকা প্রকাশ ২০ এপ্রিল, ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে, আবেদন নিষ্পত্তি ৬ মে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে।

ইসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তালিকায় কোনো ভুল থাকলে বা তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে ভোটাররা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আবেদনগুলো নিষ্পত্তির পর মে মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত তালিকা সবার জন্য উন্মুক্ত করা হবে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন ও ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের আহ্বান জানিয়ে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম বা পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে বা পরে ঘোষণা দিতে হবে।

স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে এবং স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।