ছওয়াবের সুধী সমাবেশে বক্তারা

জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলেই দারিদ্র্যবিমোচন সম্ভব

Printed Edition
ধানমন্ডিতে ছওয়াবের সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান :  নয়া দিগন্ত
ধানমন্ডিতে ছওয়াবের সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

আমাদের দেশে বিনামূল্যে নানা বিষয়ে প্রশিক্ষণ দিতে পারলে বিদেশগামী নারী ও পুরুষরা বেশি দক্ষ হতে পারবে। শুধু সহযোগিতানির্ভর জীবন নয়, আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। তাহলেই কেবল দারিদ্র্যবিমোচন সম্ভব। গতকাল শনিবার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশের (ছওয়াব) সুধী সমাবেশে এসব কথা বলেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, প্রবাসীরা দক্ষ হলে দেশে বেশি রেমিট্যান্স আসবে। তাই সবাই এগিয়ে এলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তবে জাকাত এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে। পশ্চিমাদের ধারণাকে প্রাধান্য দেয়ার কারণে কর্মক্ষেত্রে নিরাপত্তা হারাচ্ছি। এগুলো থেকে বেরিয়ে আসতে না পারলে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। নিরাপত্তা থাকলে মহিলারা চাকরি করতে পারবে আবার সন্তানও পালন করতে পারবে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, শুধু সহযোগিতানির্ভর জীবন নয়, আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে ছওয়াবের মতো অন্যরাও বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখতে পারে। ছওয়াবের কার্যক্রম প্রশংসার দাবিদার।

সাবেক জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, আমরা দারিদ্র্যপীড়িত দেশ, বৈশ্বিক সহযোগিতা এবং অনুদানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে ভূমিকা পালন করে যাচ্ছি। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে দারিদ্র্যের অবস্থা শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব। আমাদের ঘরের পাশে থাকা মানেই প্রতিবেশী নয়, চলার পথে পাশে থাকা প্রত্যেকেই আমাদের প্রতিবেশী। অসহায়ের পাশে থাকার জন্য জাকাতের ভূমিকা বিশেষভাবে কার্যকর। এর মাধ্যমে দুস্থদের পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। সরকারের প্রতি মানুষের আস্থা না থাকার কারণে মানুষ সরকারি ফান্ডে জাকাতের টাকা দিচ্ছে না। সরকার যদি জাকাতের টাকার ওপর কর বন্ধ করে দেয় তাহলে অনেকেই জাকাত দিতে উৎসাহী হবে।

ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, ছওয়াব ১৯৯৫ সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরুর পর থেকে দেশব্যাপী মানবতার কল্যাণে নানাবিধ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ছওয়াব মানবিক কাজের অংশ হিসেবে সারা দেশে শিক্ষা, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা, শরণার্থী পুনর্বাসন, জাকাত ব্যবস্থাপনা, দারিদ্র্যবিমোচন, স্বেচ্ছাসেবী উন্নয়ন, জরুরি ত্রাণ সহায়তা, সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আলী রেজা, ইনসাফ বারাকা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা: রুহুল আমিন, এটিএন বাংলা টেলিভিশনের ইসলামিক ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আ ন ম রশীদ আহমাদ মাদানি, ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান, জেনারেল ম্যানেজার লোকমান হোসাইনসহ সিনিয়র কর্মকর্তারা।