পাখি, আল্লাহর অপূর্ব সৃষ্টি

Printed Edition
পাখি, আল্লাহর অপূর্ব সৃষ্টি
পাখি, আল্লাহর অপূর্ব সৃষ্টি

সাকী মাহবুব

পৃথিবীর প্রকৃতি ও পরিবেশের সৌন্দর্য বর্ণনায় পাখি এক অনন্য ও অপরিহার্য উপাদান। আকাশে ওড়ে বেড়ানো এসব ডানাওয়ালা প্রাণী শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না; বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুরআন ও হাদিসে পাখিকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে।

কুরআনে পাখি : আল-কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তায়ালা পাখিদেরকে তাঁর সৃষ্টির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। যেমন-‘পৃথিবীতে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং দুই ডানা দিয়ে উড়ে বেড়ানো প্রতিটি পাখি তোমাদের মতোই এক একটি জাতি।’ (সূরা আনআম-৩৮) এ আয়াতটি মানবজাতিকে স্মরণ করিয়ে দেয়, প্রতিটি পাখিও আল্লাহর সৃষ্টি এবং তারও আলাদা অস্তিত্ব ও উদ্দেশ্য রয়েছে।

পাখির বৈচিত্র্য ও বিস্ময় : বর্তমান পৃথিবীতে প্রায় ১০ হাজারের বেশি প্রজাতির পাখি রয়েছে। প্রতিটি পাখির রঙ, গঠন, খাদ্যাভ্যাস ও বাসস্থান আলাদা। কেউ চড়ুইয়ের মতো ক্ষুদ্র, কেউ ঈগলের মতো বিশাল। কেউ দোয়েলের মতো সুরেলা, কেউ ময়ূরের মতো বাহারি। এ বৈচিত্র্যই প্রমাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল একজন শ্রেষ্ঠ স্রষ্টা নন, তিনিই শিল্পেরও মহান কারিগর।

পাখির আচরণ ও বুদ্ধিমত্তা : অনেক পাখি যেমন কবুতর, কাক বা তোতা অসাধারণ স্মৃতিশক্তি ও যোগাযোগ দক্ষতার অধিকারী। অনেকে আবার নির্দিষ্ট পথে হাজার মাইল দূরের গন্তব্যে পৌঁছে যেতে পারে (যেমন অভিবাসী পাখি)। পাখিরা নিজেদের বাসা তৈরি করে, ডিম পাড়ে, ছানাদের যতœ নেয়- এ সবই আল্লাহর অনুপ্রেরণায় নির্ধারিত প্রাকৃতিক নিয়ম।

পরিবেশে পাখির অবদান : পাখিরা কীটপতঙ্গ খেয়ে কৃষকের সহায়ক হয়, ফুলের পরাগায়ণে অংশ নেয়, মৃতদেহ পরিষ্কারে সাহায্য করে এবং খাদ্যচক্রের ভারসাম্য বজায় রাখে। এটি প্রমাণ করে, পাখি শুধু সৌন্দর্যের উৎস নয়; বরং পৃথিবী টিকে থাকার জন্য অপরিহার্য।

ইসলামে পাখির গুরুত্ব : রাসূলুল্লাহ সা: ছোটদের পাখির সাথে খেলার অনুমতি দিয়েছেন এবং পাখিকে অহেতুক কষ্ট দিতে নিষেধ করেছেন। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি বিনা কারণে কোনো প্রাণী হত্যা করবে কিয়ামতের দিন সে তার বিরুদ্ধে অভিযোগ করবে।’ (বুখারি) এ থেকে বোঝা যায়, পাখিকে ভালোবাসা এবং তাদের সুরক্ষা ইসলামের অন্যতম মানবিক আহ্বান।

সচেতনতা ও সংরক্ষণ : বর্তমানে বন উজাড়, শব্দদূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে অনেক পাখির অস্তিত্ব হুমকির মুখে। ফিঙে, দোয়েল, বউ কথা কও, বাবুই প্রভৃতি দেশী পাখি অনেক এলাকাতেই হারিয়ে যেতে বসেছে। এ অবস্থায় আমাদের উচিত পাখির আবাসস্থল রক্ষা করা, গাছ লাগানো এবং পাখির প্রতি শিশুদের ভালোবাসা শেখানো।

পাখি কেবল ডানাওয়ালা প্রাণী নয়; বরং তারা আসমান ও জমিনের মধ্যে আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। তাদের মাধ্যমে আমরা সৌন্দর্য, সুর, সংবেদনশীলতা ও পরিবেশের ভারসাম্য অনুভব করি। তাই বলা যায়, পাখির কণ্ঠে আল্লাহর তাসবিহ প্রতিধ্বনিত হয়, আর তাদের ডানায় প্রকৃতির কবিতা খেলে।’

লেখক : সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা, রাজবাড়ী