সাবেক সমবায় সচিব প্রশান্তর বিরুদ্ধে মামলায় চার্জশিট অনুমোদন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সচিব ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।

জানা গেছে, সাবেক এই সচিবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৪৭ টাকার সম্পদ রাখার অভিযোগে ২০২৩ সালের ৫ জুন দুদকের উপপরিচালক মো: মশিউর রহমান মামলাটি করেন।

পরে দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম তদন্ত শেষে সাবেক এই সচিবের বিরুদ্ধে চার্জশিটের সুপারিশ করলে মঙ্গলবার কমিশন তা অনুমোদন করে।

দুদক জানায়, সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দেন। তিনি অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৭ লাখ ৫৩ হাজার ৭৬৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় এবং তিনি তার নিজ ও মেয়েদের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে ১২টি ব্যাংক হিসাবে সর্বমোট ১৮ কোটি ৫৩ হাজার ৭১৯ টাকা জমা বা ক্রেডিট এবং জমাকৃত উক্ত অর্থ উত্তোলন বা স্থানান্তর করেন। এসব অভিযোগে মামলায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক।