বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবের অবসর গ্রহণ উপলক্ষে গতকাল কমিশন সচিবালয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তিনি বলেন, ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া তার দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার বিচক্ষণ নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং দায়িত্বশীল কর্মসম্পাদন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বিদায়ী সচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করেন।
বিদায়ী বক্তব্যে ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া কমিশনের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে দায়িত্ব পালন তার কর্মজীবনের একটি অত্যন্ত গৌরবময় অধ্যায়। দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তিনি সবার আন্তরিক সহযোগিতা ও শুভকামনা পেয়েছেন, যা তিনি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব নাসির উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



