ইসরাইল-লেবানন নতুন আলোচনা শুরু

Printed Edition

রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন করে পঞ্চম দফার আলোচনা শুরু হয়েছে। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার এই বৈঠক হচ্ছে। লেবাননের কর্মকর্তারা ইসরাইলের সাথে মুখোমুখি আলোচনায় বসে সমস্যার সমাধান করার ওপর জোর দিচ্ছেন। তারা বলছেন, ২ মার্চ থেকে হিজবুল্লাহ-ইসরাইল লড়াই বন্ধের এটিই একমাত্র পথ।

দক্ষিণ লেবাননে দীর্ঘদিন ধরেই সক্রিয় ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তারপর গত ২ মার্চ ইরানের পাশে দাঁড়িয়ে ইসরাইলে পাল্টা হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ। এরপর ইসরাইলের প্রত্যাঘাতে লেবাননে এখন পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতাচুক্তি করার আগে তেহরানের শর্ত ছিল, লেবাননেও ইসরাইলি হামলা বন্ধ হতে হবে। সেই মতো সমঝোতাচুক্তিতে শর্তটি রাখাও হয়। এতে হিজবুল্লাহ স্বস্তি পেলেও অস্বস্তি বাড়ে লেবানন সরকারের। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও অন্যান্য নেতা অভিযোগ করে বলতে থাকেন, লেবাননকে ইরান দরকষাকষির হাতিয়ার করতে পারে না।

লেবানন সরকার মনে করছে, ইসরাইলের সাথে মুখোমুখি আলোচনাতেই সমাধান মিলবে। এর আগে গত এপ্রিল মাস থেকে ইসরাইল ও লেবাননের মধ্যে চারবার আলোচনা হয়েছিল; কিন্তু কোনো সমাধান বেরিয়ে আসেনি। তবে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতাচুক্তি হওয়ার পর এ সপ্তাহে লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরাইলের হামলা কিছুটা থিতিয়ে এসেছে।

মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট এক্সে এক পোস্টে বলেছেন, ‘আজ এবং আগামী দিনগুলোতেও আমরা নতুন দফা আলোচনা চালিয়ে যাবো। সেসব আলোচনা থেকে আমাদের দেশ ও জনগণের ভালোর জন্য আমরা যা প্রত্যাশা করি তা অর্জনে চূড়ান্ত কোনো সমাধান বেরিয়ে আসবে বলে আমরা আশা করি।’ মঙ্গলবারের বৈঠকে লেবানন ও ইসরাইলের সামরিক ও রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এবং দুই দেশের রাজনৈতিক এবং নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এরপর এই দু’টি বিষয়ের ওপর আলাদা আলাদা বৈঠক হবে।

লেবাননে যুদ্ধ বন্ধ হওয়া তেহরানের যুদ্ধ থামানোর মতোই গুরুত্বপূর্ণ : কালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধ বন্ধ হওয়া তেহরানের কাছে নিজেদের যুদ্ধ বন্ধ করার মতোই গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার তিনি এই মন্তব্য করেন। আজারবাইজানের বাকুতে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের (পিইউআইসি) ২০তম সম্মেলনে তিনি বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধ করা আমাদের কাছে ইরানে যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধ করার মতোই গুরুত্বপূর্ণ।’