শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে -ডিএমপি কমিশনার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আজকের এই শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। এদের মধ্যে কেউ দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে, কেউ নতুন জ্ঞান সৃষ্টি করবে, আবার কেউ মানুষের সেবা ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেয়ার শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ডিএমপি কমিশনার বলেন, শিক্ষাবৃত্তি কেবল কোনো আর্থিক সহায়তা নয়; এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন ও ভবিষ্যৎ সম্ভাবনার স্বীকৃতি। ডিএমপি সদস্যদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, পুলিশ সদস্যরা দিন-রাত, রোদ-বৃষ্টি কিংবা বিভিন্ন উৎসব-পার্বণে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তেও তাদের কর্মস্থলে থাকতে হয়। ডিএমপি সূত্রে জানা যায়, মেধা ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪৯ জন এবং উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির আওতায় ১৮৮ জনসহ মোট ৪৩৭ জন শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যদের ৪৩৭ জন কৃতি সন্তানকে ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান করা হয়েছে।