পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক বাংলাদেশী কৃষক গুরুতর আহত হয়েছেন। গত সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্তে এ ঘটনা ঘটে। আহত মিজানকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মিজান সকালে ৮২৬ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের কাছে নিজের বোরো ক্ষেতে পানি দিতে গেলে ভারতের ৯৮ বিএসএফের গোমতী ক্যাম্পের টহল সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দৌড়ে পালিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, বিএসএফ সদস্যদের ডাকে কাছে গেলে পেছন থেকে গুলি করা হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা জোরদার করতে ঘটনাস্থলে বিএসএফ ও বিজিবি সদস্যরা অবস্থান নেয়। আতঙ্কে অনেক স্থানীয় বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।
এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দু’টি গরুসহ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। ৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ঘটনার পর দুই দেশের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


