আর্জেন্টিনাকে কাঁপিয়ে বীরের বেশেই দেশে ফিরছেন ভোজিনহারা

Printed Edition
২০২৬ বিশ্বকাপের চমক স্বল্প জনসংখ্যার দেশ কেপ ভার্দে। তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় গোল করা ক্যাব্রালাকে (১৩) নিয়ে সতীর্থদের বাঁধভাঙা উল্লাস  : ইন্টারনেট
২০২৬ বিশ্বকাপের চমক স্বল্প জনসংখ্যার দেশ কেপ ভার্দে। তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় গোল করা ক্যাব্রালাকে (১৩) নিয়ে সতীর্থদের বাঁধভাঙা উল্লাস : ইন্টারনেট

সবাই যখন এই বিশ্বকাপে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে বা হ্যারি কেনকে নিয়ে মাতামাতিতে ব্যস্ত, তখন এদের টপকে স্পট লাইটে চলে এলেন একজন। তিনি কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম পয়েন্ট অর্জনের পথে গোলরক্ষক ভোজিনহার বীরত্বপূর্ণ পারফরম্যান্স ছিল দেখার মতো। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম গোল করার মুহূর্তটি ছিল দারুণ রোমাঞ্চকর। আর আর্জেন্টিনার বিপক্ষে সিডনি লোপেস ক্যাব্রালের সেই অসাধারণ গোলটি তো প্রায় টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনই ঘটিয়ে ফেলেছিল।

কেপ ভার্দের এই বিশ্বকাপ যাত্রায় ছিল সবকিছুরই সমাহার। রাতে মিয়ামিতে যখন অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার বাঁশি বাজল, তখন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হৃদয়বিদারক পরাজয়ের পর ‘ব্লু শার্কস’-এর খেলোয়াড়রা হতাশায় মাঠেই লুটিয়ে পড়লেন; তবে অনেক মানুষের হৃদয় জয় করার তৃপ্তি নিয়েই তারা যুক্তরাষ্ট্র ছাড়ছেন।

বিশ্ব র‌্যাংকিংয়ে ৬৭তম অবস্থানে থেকে তারা টুর্নামেন্টে খেলতে আসে, কিন্তু গ্রুপ পর্বের তিনটি ড্র, যার মধ্যে উদ্বোধনী ম্যাচে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের সাথে ০-০ গোলে ড্র করাও ছিল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটানোর এক বিশাল চ্যালেঞ্জের মুখে তাদের দাঁড় করিয়ে দেয়া।

আর্জেন্টিনার বিপক্ষে, মেসির গোলে তারা পিছিয়ে পড়লেও ১-১ গোলে সমতা ফিরিয়ে খেলাকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। এরপর তারা আবারো পিছিয়ে পড়ে, কিন্তু ক্যাব্রালের এক অসাধারণ স্ট্রাইকে তারা আবারো সমতা ফেরায়। তবে শেষ পর্যন্ত তা হয়নি, ক্রিশ্চিয়ান রোমেরোর হেড থেকে ডিনি বোর্হেসের গায়ে লেগে বলের দুর্ভাগ্যজনক দিক পরিবর্তনে আর্জেন্টিনা পরের রাউন্ডে চলে যায়।

হারলেও কেপ ভার্দের কোচ বুবিস্তা ছিলেন গর্বে উজ্জ্বল; কারণ তার দল আর্জেন্টিনাকে পেনাল্টি শুটআউটে নিয়ে যাওয়ার খুব কাছাকাছি মাত্র ১০ মিনিট দূরে চলে এসেছিল। ‘আমরা দেখিয়েছি যে দেশ হিসেবে ছোট হলেও বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে আমরা খেলতে পারি এটা গর্বের বিষয়। আমরা আমাদের দেশের জন্য ইতিহাস গড়েছি। দেশের প্রতিনিধিত্ব করার জন্য তারা গর্ব করতে পারে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি এবং দু’বার সমতা ফিরিয়েছি- তা সত্যিই অবিশ্বাস্য।’ বলেন কেপ ভার্দের কোচ।

জানান, ‘এই বিশ্বকাপ থেকে পাওয়া অন্যতম সেরা বিষয় হলো, মানচিত্রে কেপ ভার্দে কোথায় তা নিয়ে এখন আর কেউ প্রশ্ন তোলে না। আমাদের জন্য এটাই একটা ইতিহাস। আমরা নিজেদের বিশ্বমঞ্চে তুলে ধরেছি।’

গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে স্পেনের আক্রমণ রুখে দেয়ার পর ভোজিনহার অশ্রুসজল চোখ এবং এরপর গর্বের সাথে মাথার ওপর কেপ ভার্দের পতাকা তুলে ধরার ছবিটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, যা তাকে দ্রুতই এক ‘কাল্ট হিরো’ বা ভক্তদের প্রিয় নায়কে পরিণত করে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে তার পারফরম্যান্সটা দুর্দান্ত। মিয়ামিতে আটটি সেভ করার মাধ্যমে এবারের বিশ্বকাপে ভোজিনহার মোট সেভ সংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে; এই পর্যায়ে কুরাসাওয়ের ইলয় রুম (২০) এবং প্যারাগুয়ের অরল্যান্ডো গিলের (১৯) পরেই তিনি তৃতীয় সর্বোচ্চ সেভ করা গোলরক্ষক।