নয়া দিগন্ত ডেস্ক
মেহেরপুর, চট্টগ্রাম ও কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১১ গরু ব্যবসায়ী।
চট্টগ্রামে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো জানান, নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য ফাইয়াজ তাজরিয়ান নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে জিইসি মোড়সংলগ্ন ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইয়াজ তাজরিয়ান নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বাবা হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
গাংনীতে নিহত ১
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, মেহেরপুরের গাংনীতে গরুবোঝাই একটি লাটাহাম্বার (ইঞ্জিনচালিত যান) উল্টে চালক উজ্জ্বল হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ গরু ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার রাইপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আহতরা হলেন সদর উপজেলার বামনপাড়া গ্রামের রহিদুল ইসলাম (৪৭), রাজা মিয়া (৬০), রাঁধাকান্তপুর গ্রামের লিটন আলী (৪৬), মুজিবনগর উপজেলার চকশ্যামনগর গ্রামের কবির হোসেন (৪২), মনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৫২), চকশ্যামনগর গ্রামের ওসমান আলী (৪৮) ও ইসরাফিল হোসেন (৩৫), মনাখালী গ্রামের সাব্দার মণ্ডল (৫৫) ও রফিকুল ইসলাম (৫৫) এবং সদর উপজেলার যাদবপুর গ্রামের নাজমুল হোসেন (৩৫)।
কটিয়াদীতে পথচারীর মৃত্যু
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে দ্রুতগামী একটি যানের ধাক্কায় মো: শান্তু মিয়া (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার পশ্চিম চড়িয়াকোনা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৭ জুলাই) সকালে পৌর এলাকার চড়িয়াকোনা কাঠমহাল-সংলগ্ন কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।



