কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকায় একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি খালি ট্রাক্টরে ছয়জন যাত্রীসহ সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর মাঝের অংশ ধসে পড়ে। ট্রাক্টরটি নিচে পড়ে যায়। এবং ট্রাক্টরে থাকা সবাই আহত হন। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: এনামুল হক জানান, সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তবে স্থানীয় লোকজন আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: শামছুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেতুটি দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন।



