আনাদোলু
পোপ লিও চতুর্দশ বলেছেন, ইউরোপে ‘ইসলামোফোবিয়া’ হলো বিভিন্ন ধর্ম বা জাতিগত পটভূমির লোকদের বাদ দেয়ার প্রচেষ্টার অংশ। তিনি জোর দিয়ে বলেন, লেবাননে খ্রিষ্টান ও মুসলমানদের সহাবস্থান ইউরোপ এবং উত্তর আমেরিকার জন্য শিক্ষা। প্রকৃত সংলাপ ও শ্রদ্ধার পথ অনুসরণ করতে হবে।
কয়েকদিনের তুরস্ক ও লেবানন সফর শেষ করে মঙ্গলবার বিশেষ বিমানে রোমে ফেরার সময় পোপ এ কথা বলেন। বিমানে থাকা সাংবাদিকদের সাথে কথা বলার সময়, তিনি এই সফরের মূল্যায়নের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন। ইউরোপে ‘ইসলামোফোবিয়া’ নিয়ে তিনি বলেন, ‘আমি জানি যে মাঝে মাঝে ইউরোপে ভয় থাকে, কিন্তু প্রায়শ তারাই এই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, যারা অভিবাসনের বিরোধিতা করে এবং যারা অন্য দেশ, অন্য ধর্ম বা অন্য জাতিগত পটভূমি থেকে আসা লোকদের বাদ দেয়ার চেষ্টা করে।’
তিনি বলেন, মুসলিম ও খ্রিষ্টানদের মধ্যে সংলাপ এবং বন্ধুত্ব সত্যিই সম্ভব। ‘আমি মনে করি লেবানন এমন একটি দেশ, যেখানে ইসলাম এবং খ্রিষ্টধর্ম উভয়ই বিদ্যমান এবং সম্মানিত, যেখানে সহাবস্থান ও বন্ধুত্ব সম্ভব।’



