হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ফের ৩ জনের মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে এ রোগে মোট মৃত্যু ৯২৫ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে দুইজন ঢাকা বিভাগে এবং একজন সিলেট বিভাগের। তবে এ সময় কারো নিশ্চিত হামে মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরে সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭২ জন। এর মধ্যে এক হাজার চারজনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯ শিশু।

স্বাস্থ্য অধিদফতরসূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯২৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮২৬ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৪৬ হাজার ৭১৫ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীায় প্রমাণিত) ১৮ হাজার ১৪৪ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৬৪ হাজার ৮৫৯ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২৮ হাজার ২৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ২৩ হাজার ৬৮৪ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪২৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৪০, রাজশাহীতে ৯৫, ময়মনসিংহে ৭৬, চট্টগ্রামে ৭৩, বরিশালে ৬৮, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

সিলেটে আরো ১ শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো জানায়, সিলেটে হামে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৭ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৮৮ জনই রয়েছে। অন্য দিকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে।

গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

এ দিকে গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম উপসর্গে মারা যাওয়া আট মাসের শিশুর নাম নিহান। সে সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।