নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের নাগরপুরে এক শিক্ষাপ্রতিষ্ঠানের টিউবওয়েলের পানি পান করে ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে নাগরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মামুদ নগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে দু’জন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্কুল সূত্রে জানা যায়, ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের মাঠে স্থাপিত টিউবয়েল থেকে পানি পান করে। এরপর তারা ক্লাসে যায়। প্রধান শিক্ষক ক্লাসে যাওয়ার পর জানতে পারেন যে, দুইজন শিক্ষার্থী বেশ অসুস্থ হয়ে পড়েছে। অন্যান্য ক্লাসের আরো কয়েকজন শিক্ষার্থী একে একে অসুস্থ হয়ে পড়ে। টিউবওয়েলের পানি পান করার ফলে তাদের এমন অবস্থা হয়েছে বলে তারা জানান। এরপর বিদ্যালয়ের দফতরি মিজানুর টিউবওয়েলের কাছে গিয়ে পলিথিনের মধ্যে পেঁচানো দুর্গন্ধযুক্ত কীটনাশক দেখতে পায়। পরে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দ্রুত নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসারত শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো তারা আজকেও টিউবওয়েলের পানি পান করে। টিউবওয়েলের পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তাদের পেটে ব্যথা এবং বমি আসতে শুরু করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান বলেন, ক্লাস শুরু হওয়ার পর ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। এমন সময় স্কুলে দফতরি মিজানুর এসে আমাকে বলে যে, টিউবওয়েলের কাছে পলিথিনে পেঁচানো দুর্গন্ধযুক্ত কীটনাশক পাওয়া গিয়াছে। শিক্ষার্থীদের অবস্থা দেখে ও দফতরির কথা শুনে টিউবওয়েল কাছে গিয়ে সাদা পাউডার জাতীয় জিনিস দেখতে পাই।
উপজেলা শিক্ষা অফিসার মো: নাদির আহম্মেদ বলেন, আমাকে জানানোর সাথে সাথে আমি হাসপাতালে চলে আসি। অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেই। ওই বিদ্যালয়ের পানিতে কী জাতীয় কীটনাশক দেয়া হয়েছে তা পরীক্ষার জন্য ইউএনও মহোদয় ও স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে ল্যাবে পাঠানো হবে।



