স্বৈরাচারের কবর রচিত হয়েছে : ফখরুল

Printed Edition

বিশেষ সংবাদদাতা

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি, শেখ হাসিনার অপরাধের বিরুদ্ধে এটি কেবল একটি রায় নয়, এর মধ্য দিয়ে এ দেশের মাটিতে সব ধরনের স্বৈরাচারের কবর রচিত হয়েছে।

গতকাল রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এ ছাড়া রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে গতরাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে।

এ দিকে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলায় যে রায় হয়েছে, তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এই বিচার, এই রায় সামনের দিনের জন্য একটি উদাহরণ।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। কিন্তু আইনে এর ওপরে কোনো সাজা নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, এক দিন না এক দিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে।

আরো যেসব মামলা আছে, সেসব মামলায়ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম না করতে পারে, ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, একনায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, এটি তার একটি উদাহরণ। এটি ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। শুধু অতীতের জন্য বিচার নয়, এটি মনে রাখতে হবে।

রায়ের আগে ফেসবুকে অন্য এক পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে। মুগ্ধ, ওয়াসিম, আবু সাঈদ আরো অনেকে অপেক্ষায় আছে। অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।’