নয়া দিগন্ত ডেস্ক
দেশের দুই জেলায় পৃথক অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের মধুপুরে একটি মার্কেটে আগুনে পোশাকের গুদাম পুড়ে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে ফেনীর দাগনভূঞায় আগুনে চারটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের সাথীর মোড় এলাকায় সাবা স্কয়ার মার্কেটে গতকাল শুক্রবার বিকেলে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দু’টি পোশাক গুদামে। খবর পেয়ে মধুপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গুদাম দু’টি পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে যায়। স্থানীয়রা জানায়, একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই দু’টি টিনশেড ও দু’টি সেমিপাকা ঘরসহ সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, বিবি আমেনা বেগম, আলেফা খাতুন, বেলফা খাতুন ও রোশনা খাতুন। তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত সরকারি সহায়তা দেয়া হবে।



