ক্রীড়া ডেস্ক
জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগায় নতুন ইতিহাস রচনা করেছে ইউনিয়ন বার্লিন। ক্লাবটি তাদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে অন্তর্বর্তীকালীন নিয়োগ দিয়েছে ম্যারি লুইসকে, যিনি ইউরোপের বড় কোনো লিগে পুরুষ দলের প্রথম নারী প্রধান কোচ হিসেবে অনন্য নজির গড়লেন। এর আগে তিনি একই ক্লাবের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ দিকে দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে বরখাস্ত করা হয় কোচ স্টেফেন বমগার্টকে। তারই স্থালাভিষিক্ত হবেন ম্যারি। গতকাল ক্লাবের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। ৩৪ বছর বয়সী ম্যারি চলতি মৌসুমের বাকি সময়ের জন্য দায়িত্ব পালন করবেন।
নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় এই নারী কোচ বলেন, ‘এত বড় দায়িত্ব দেয়ায় আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। এটি নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ, তবে আমি প্রস্তুত।’
এর আগে ২০২৩ সালে তিনি বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ হিসেবে ইতিহাস গড়েছিলেন। এ ছাড়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগেও তিনিই প্রথম নারী সহকারী কোচ ছিলেন। গত বছর প্রধান কোচ নেনাদ বেলিকা নিষিদ্ধ থাকায় তিনি মিডিয়ার সামনে দলের প্রতিনিধিত্বও করেছিলেন।
ইউনিয়ন বার্লিন বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বড়দিনের পর থেকে তারা মাত্র দুটি ম্যাচ জিতেছে এবং অবনমন প্লে-অফ জোনের মাত্র সাত পয়েন্ট ওপরে অবস্থান করছে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হোস্ট হেল্ডট বলেন, ‘মৌসুমের দ্বিতীয় ভাগ আমাদের জন্য হতাশাজনক। টিকে থাকতে হলে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’
খেলোয়াড়ি জীবনে ম্যারি এএফসি টারবাইন পটসডামের হয়ে ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ তিনটি লিগ শিরোপা জিতেছিলেন। তার এই নিয়োগ ইতোমধ্যেই ফুটবল বিশ্বে নতুন দিগন্ত উন্মোচন করেছে।



