মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪৭২ অভিবাসী আটক

Printed Edition

মালয়েশিয়া থেকে প্রতিনিধি

মালয়েশিয়া অপস্ মেগা অভিযানে বাংলাদেশী অভিবাসীসহ ৪৭২ জনকে আটক করেছে অভিবাসন বিভাগসহ যৌথবাহিনী। গতকাল রোববার ছুটির দিনে বেলা ১১টা থেকে শুরু হওয়া এই মেগা অভিযানে প্রায় দুই হাজার ৫০০ জন বিদেশী নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং বৈধ ভিসা পারমিট কাগজপত্রবিহীন অভিবাসী শনাক্তে এই ঝটিকা অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে আটককৃতের মধ্যে রেকর্ডসংখ্যক ৩৬৪ জনই বাংলাদেশের নাগরিক। বাকিদের মধ্যে মিয়ানমারের ৫৭ জন, ফিলিপিন্সের ৯ জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের সাতজন করে, ভারতের ছয়জন, চীনের তিনজন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানিয়েছেন, বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার ৩৩৭ জন সদস্য যৌথভাবে এ কার্যক্রমে অংশ নেন। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে, যাদের ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী। পরবর্তী তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

তদন্ত শেষে জানা যায়, যাচাই করা অধিকাংশ বিদেশীর বৈধ কাগজপত্র থাকলেও নির্দিষ্ট আইন লঙ্ঘনকারীদেরই মূলত আটক করা হয়েছে। অবৈধ ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ডিবিকেএল আইনি ব্যবস্থা নেবে।