বাংলাশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, নিত্যপণ্যের দামের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণ করতে হবে, বর্তমান সময়ে শ্রমিকদের আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে চরম অসামঞ্জস্য বিরাজ করছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। রাজধানীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের প্রস্তুতিমূলক অঞ্চল দায়িত্বশীল বৈঠকে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, সাম্প্রতিক আন্দোলন ও সংগ্রাম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতায়নের জন্য নয়, বরং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছে। তাই সরকারকে শ্রমবান্ধব আইন তৈরির পরামর্শ দিচ্ছি। অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, সরকার শ্রমিকবান্ধব নীতি গ্রহণ করলে সংগঠন সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
বৈঠকে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন একগুচ্ছ দাবি উপস্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে- ন্যায় ও ইনসাফভিত্তিক জাতীয় শ্রমনীতি প্রণয়ন, সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক মজুরি কাঠামো নির্ধারণ।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো: তাসলিমের সঞ্চালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রব্বানী, মাস্টার শফিকুল আলম, কবির আহমেদ, মুজিবুর রহমান ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আক্তার হোসেন, দফতর সম্পাদক নুরুল আমিন, কোষাধ্যক্ষ আজহার উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।



