নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা গতকাল এক শোকবার্তায় মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক। অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান ছিল মজলুম ও গণতন্ত্রকামী মানুষের কাছে অফুরন্ত প্রেরণার উৎস। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেয়া অসীম সাহস, বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তার ভূমিকা তাকে অমর ও চিরস্মরণীয় করে রাখবে। শরিফ ওসমান হাদির অকাল মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হওয়ার নয়। তার বীরত্ব, সাহস ও দেশপ্রেমের কথা এ জাতিকে যুগে যুগে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।



