বিএনপির সব কাজকেই সমর্থন করি না : মান্না

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির সব কাজকেই সমর্থন করি না মন্তব্য করে বলেছেন, জনগণের প্রতি আমার একটাই অনুরোধ- যে দলকে বিশ্বাস করেন, তাকেই ভোট দিন, কোনো মার্কাকে বেছে নেবেন না। আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ কষ্টের কথা বলতে পারবে, মৌলিক চাহিদা পূরণ হবে। তিনি গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শহীদ নূর হোসেন স্মরণে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

সাবেক এই ডাকসু ভিপি বলেন, শহীদ নূর হোসেন আমাদের কাছে একটি আইকন। তিনি গণতন্ত্রের মুক্তির জন্য জেনে-শুনে জীবন উৎসর্গ করেছেন। ১০ নভেম্বর আমাদের উদ্দীপনার দিন। আজ নাগরিক ঐক্যে যোগদান করা দু’জন তাদের যোগ্যতায় গুণান্বিত, তাদের পেয়ে নাগরিক ঐক্য আরো শক্তিশালী হবে।

দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, তাই আমাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন অতীতের মতো হবে না। আজ মানুষের পেটে ভাত নেই, অথচ এমন হওয়ার কথা ছিল না। ধনীরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে; কিন্তু গরিবরা সেই সুযোগ পায় না। তাই আমি বলবো, ঋণ গরিবকে দিলেই ভালো।

মান্না অভিযোগ করেন, দেশে যে রাজনৈতিক সঙ্কট হয়েছে, তা এই সরকারই সৃষ্টি করেছে। আমরা দীর্ঘদিন বিএনপির সাথে ছিলাম; কিন্তু তাই বলে তাদের সব কাজকেই সমর্থন করি না। সত্যকে সবাইকে মেনে নিতে হবে। দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই আলোচনার মাধ্যমে এই সঙ্কটের সমাধান করুন।

অনুষ্ঠানে জাপার সাবেক ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আব্দুস সালাম এবং ব্যারিস্টার সোহরাব হোসেন নাগরিক ঐক্যে যোগ দেন। এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।