গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তা দীর্ঘদিন ধরে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার দখলে। মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অননুমোদিত স্ট্যান্ড, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী। স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যে অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান মিলছে না।
সরজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ হলেও মাওনা চৌরাস্তায় শত শত সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কের ওপর ও পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছে। এতে সড়কের একাংশ দখল হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, শিল্পাঞ্চলের শ্রমিক ও দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।
যাত্রীদের অভিযোগ, যানজটের পাশাপাশি চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। নয়নপুর থেকে মাওনা চৌরাস্তার ভাড়া ২০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা নেয়া হচ্ছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান। পোশাকশ্রমিক জালাল উদ্দীন বলেন, বেশি ভাড়া না দিলে অনেক চালক যাত্রী নিতে চান না। ব্যবসায়ী মো: মিজানুর রহমান জানান, দীর্ঘ যানজটের কারণে ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের মতে, মহাসড়কে হঠাৎ সিএনজি থামিয়ে যাত্রী ওঠানামা করানোয় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, অবৈধভাবে মহাসড়ক দখল ও যাত্রী ওঠানামার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া বলেন, অননুমোদিত স্ট্যান্ড ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের দাবি, মহাসড়ক থেকে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং নিয়মিত নজরদারির মাধ্যমেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।



