ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকল চালুর উদ্যোগ নিয়েছি : আদিলুর রহমান খান

Printed Edition
কেরু এন্ড কোম্পানীর আখমাড়াই উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা আদিলুর রহমান খান: নয়া দিগন্ত
কেরু এন্ড কোম্পানীর আখমাড়াই উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা আদিলুর রহমান খান: নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গত ফ্যাসিবাদী সরকারের সময়ে দেশের অনেক কলকারখানা; বিশেষ করে চিনিকলগুলো একে একে বন্ধ হয়ে গেছে। আমরা সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে কিছু মিল আবার চালু করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ৮৮তম আখমাড়াই মওসুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্যান কেরিয়ারে (ডোঙ্গা) আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৫-২৬ মৌসুমের আখমাড়াই আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আদিলুর রহমান খান বলেন, চিনিকলের আধুনিকায়ন এবং আখমাড়াই ও চিনি উৎপাদন যন্ত্রপাতি প্রতিস্থাপনের বিএমআরআই প্রকল্পটি অচিরেই কার্যক্রম শুরু করবে। আমি আশা করেছিলাম আজই বিএমআরআই চালু হবে। পরে জানলাম কিছু কাজ বাকি আছে। তবে কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে, অচিরেই এটি কার্যক্রমে ফিরিয়ে আনা হবে। খুব দ্রুত আমরা প্রকল্পটি চালু করব। তিনি উল্লেখ করেন, আখচাষি, কৃষক এবং অস্থায়ী শ্রমিকদের সমস্যা সমাধান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতোমধ্যে বাস্তবসম্মত পাঁচ বছরের রোডম্যাপ হাতে নিয়েছে।

উপদেষ্টা আরো বলেন আমরা শুধু মিল চালু রাখাই নয়; বরং উৎপাদন বৃদ্ধি, আধুনিকায়ন, শ্রমিকদের অধিকার এবং কৃষকদের স্বার্থরক্ষায় অঙ্গীকারবদ্ধ। সব মিলিয়ে চিনিশিল্পকে আরো টেকসই ও লাভজনক করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সার্বিক ব্যবস্থাপনায় মিলের ব্যবস্থাপনা পরিচালক মো: রাব্বিক হাসান। ২০২৫-২৬ মৌসুমে মাড়াই দিবস ধরা হয়েছে ৬৯ দিন। এ মৌসুমে ৭৬ হাজার মেট্রিকটন আখমাড়াই করার মাধ্যমে চার হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫.০৬ শতাংশ। গত ২০২৪-২৫ মৌসুমে মিল ৬৫ কার্য দিবসে ৭১ হাজার ২৩৫ মেট্রিকটন আখমাড়াই করে তিন হাজার ৬৮৫ মেট্রিকটন চিনি উৎপাদনে সক্ষম হয়েছিল। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ২০০ মেট্রিকটন।

শহীদ শুভর কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল দুপুরে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে গিয়ে শুভর কবর জিয়ারত করেন।

এ সময় শহীদ শাহরিয়ার শুভর বাবা আবু সাইদ, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ পরিবারের সদস্যদের নিয়ে উপদেষ্টা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ ছাড়া তিনি শুভর পিতা আবু সাইদের সাথে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। একই সাথে শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত সহায়তা দ্রুত পৌঁছে দিতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।