রংপুর ব্যুরো
রংপুরে চার খুনের ঘটনায় অল্প সময়ের মধ্যে চার্জশিট দিয়ে দ্রুত বিচারকার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
গতকাল শনিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় তার সাথে ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।
দুলু বলেন, ‘এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। যদিও এই হত্যাকাণ্ডটার রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, হয়তো একটু সময় লাগতেছে।’
দুলু বলেন, ‘আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকার যারা দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে যদি কেউ জড়িত থাকে, তাদের উন্মোচিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে জরুরি। সে কারণে হয়তো একটু সময় লাগছে, কারণ এত বড় একটা হত্যাকাণ্ড এর আগে রংপুর শহরে ঘটেছে বলে আমার জানা নাই। আমরা সেই জন্য একটু সময় নিচ্ছি, আশা করি যে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা চার্জশিট দিয়ে দ্রুততম সময়ে আমরা বিচারকাজ শেষ করতে পারব।’ হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, গত সভায় যেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেগুলোকে ফলোআপ করার জন্য কতটা কার্যকরী হয়েছে, কতটা কার্যকরী হচ্ছে না, কেন হচ্ছে না- সেই বিষয়টা অনুসন্ধান করার জন্য আমি এসেছি। ইতোমধ্যে আপনারা জানেন যে এখানে আইসিইউ বেডের একটা দাবি ছিল। অ্যানেস্থেসিয়ার অভাবে আমরা দিতে পারি নাই। ইতোমধ্যে পদায়ন হয়েছে। আমরা চেষ্টা চালিয়েছি। আমি আশা করি আগামী এক মাসের ভেতরে আমরা নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।
দুলু বলেন, জনবলকাঠামো সারা বাংলাদেশেই সঙ্কট রয়েছে। আমরা নিয়োগের মধ্যে চলে গিয়েছি। অল্প সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন হয়ে গেলে, এই হাসপাতালের যে চাহিদা আছে, আমরা সেগুলোকে সহযোগিতা করে যাতে আমি এই হাসপাতালটাকে জনগণের স্বাস্থ্যসেবার যে সুযোগ সেগুলো তৈরি করে দিতে পারি। আমার আন্তরিকতা রয়েছে, আপনারা সবাই সহযোগিতা করলে আমরা অল্প কিছুদিনের মধ্যে আরো কিছু সেবার দ্বার উন্মোচন করতে সক্ষম হবো।
পরে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন। সেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে সিদ্ধান্ত গ্রহণ করেন।
এর আগে তিনি নগরীর গুপ্তপাড়ায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ, ডিসি ইসরাত জাহান, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্ম কমিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



