হাম ও উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৮৮৫ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন সিলেট বিভাগে এবং একজন করে ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের। তাদের মধ্যে একজন নিশ্চিত হামে ও বাকি চারজন উপসর্গে মারা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৫ জন। এর মধ্যে ৯৪১ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের।

এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৯ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪৭ শিশু।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৮৬ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৩৯ হাজার ১২৫ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৭ হাজার ৪৬৯ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৫৬ হাজার ৫৯৮ শিশু। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২১ হাজার ১৩ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ১৬ হাজার ৮২৭ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৩০, রাজশাহীতে ৯৪, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৭১, বরিশালে ৬৬, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।

সিলেটে আরো ২ শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামস উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৯ জন।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯০১ জন। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের এবং অপরজন সুনামগঞ্জের। সিলেটের শিশুটির নাম রাইসা, বয়স পাঁচ মাস। সে সিলেটের গোলাপগঞ্জ এলাকার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপর শিশুটির নাম আওয়াদ, বয়স ছয় মাস। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকার বাসিন্দা। সেও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।