নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জুলাই বিপ্লব জাতীয় জীবনের এক উল্লেখযোগ্য অর্জন ও দ্বিতীয় স্বাধীনতা। যারা এই জুলাইকে অস্বীকার করার বা কেড়ে নেয়ার চেষ্টা করবে, দেশের জনগণ তাদের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলবে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারিধারার মহানগরী অফিস চত্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের রায় অস্বীকার করে নতুন করে স্বৈরাচারী হয়ে উঠতে চাইছে। তিনি বলেন, ‘তারা অন্যত্র মস্তক বন্ধক রেখে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। শেখ হাসিনা তো প্রতিবেশী দেশে আশ্রয় পেয়েছেন, কিন্তু আপনারা তাও পাবেন না।’ তিনি সরকারকে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়ার আহ্বান জানান। অন্যথায় গণরোষের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি? ডা: ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার।
আলোচনা সভা শেষে মহানগরী আমির দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।



