উখিয়ায় এক শিশু ও কিশোর নিখোঁজ মুক্তিপণ দাবি

Printed Edition

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় তিন বছর বয়সী শিশু নুসাইবা নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো তাকে উদ্ধার করা যায়নি। এরই মধ্যে অপহরণকারীরা পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে হারিয়ে মায়ের বুকফাটা কান্না ও পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উখিয়ার হলদিয়াপালং থেকে আরো এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উখিয়ার রতœাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং গ্রামের মাঝেরপাড়া এলাকার বাসিন্দা শাহজাহান সওদাগরের মেয়ে নুসাইবা গত ১৯ জুন থেকে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ করেছে পরিবার। অভিযোগে জানানো হয়, অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে শিশুটিকে ফিরিয়ে দেয়ার শর্তে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে।

নিখোঁজ নুসাইবার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েকে জীবিত ফিরে পেতে চাই। পাঁচ দিন ধরে ঘুমাতে পারছি না। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে আমার সন্তান হয়তো কাঁদছে, আমাকে খুঁজছে। এ দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ঘাটিরপাড়া এলাকার ১৫ বছর বয়সী কিশোর হৃদয় হাসানও নিখোঁজ হওয়ার পর তার পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা বলছেন, একই সময়ে উখিয়া অঞ্চলে পরপর দু’টি নিখোঁজ ও মুক্তিপণ দাবির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত উদ্ধার অভিযান জোরদার, অপরাধীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উখিয়া থানার কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ শিশু ও কিশোরের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।