নিজস্ব প্রতিবেদক
যাদের বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে এবং বাড়ির সামনে যারা ইচ্ছাকৃতভাবে ময়লা ফেলে রাখবে তাদেরকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।
গতকাল রাজধানীর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালির উদ্বোধনকালে প্রশাসক এ কথা বলেন। তিনি জানান, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা দ্রুতই কাজ শুরু করবেন।
ঢাকা সিটির ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন ঢাকা-গ্রিন ঢাকা গঠনে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নাগরিকদের সহযোগিতা কামনা করেন প্রশাসক।
তিনি বলেন, চলার পথে আপনার হাতে থাকা ব্যবহৃত টিস্যু, ছোট পানির বোতল, কোকের বোতল নির্দিষ্ট জায়গায় ফেলবেন। এ অভ্যাস গড়ে উঠলে আপনারা নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশেপাশে কোনো টিস্যু থাকবে না, বিচ্ছিন্নভাবে কোনো আবর্জনাও আপনারা দেখতে পাবেন না। আমরা চাই একটা সুন্দর নগর উপহার দিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আরো উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।



