খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সম্পাদক তরিক

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার সভাপতি এবং সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোট দেন। ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে গননার পর ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি মিজানুর রহমান মিলটন পান ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মো: হেদায়েত হোসেন মোল্লা পান ৫০ ভোট। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি এম এ হাসান পান ৬০ ভোট। সহসভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন (১১৯ ভোট), মো: জাহিদুল ইসলাম (১০৫ ভোট) এবং কাজী শামিম আহমেদ (৯৬ ভোট)। যুগ্ম-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো: বেল্লাল হোসেন সজল পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বশির হোসেন।

নির্বাহী সদস্যের ছয়টি পদে মাকসুদুর রহমান মাকসুদ, কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো: আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত নির্বাচিত হয়েছেন । এর আগে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানর দায়িত্ব পালন করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো: আরিফুল ইসলাম।

দুই বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ। গত কয়েকদিন নির্বাচন নিয়ে খুলনার মিডিয়া পাড়া সরগরম ছিল।

নেতৃত্ব দখলের প্রতিযোগিতায় পরিবেশ উত্তপ্তও হয়। ২৬ এপ্রিল বিকেলে বহিরাগত সন্ত্রাসীরা প্রেস ক্লাবে মহড়া দেয়। এ ছাড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি জানিয়ে এক সাংবাদিক আদালতে মামলা করেন।

ফলে নির্বাচন আয়োজনে স্থগিতাদেশ আসতে পারে বলে আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত নির্বাচন নির্বিঘেœ সম্পন্ন হয়েছে।