সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

ধামরাইয়ে সাংবাদিকের বাসায় চুরি

ঢাকার ধামরাইয়ে বাংলাভিশনের প্রতিনিধি ও ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক লোকমান হোসেনের বাসায় চুরি হয়েছে। গত সোমবার রাতে হুজুরিটোলা মহল্লার বাসায় এ ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকা, স্বর্ণ ও রুপার গয়না নিয়ে গেছে। লোকমান হোসেন জানান, ছেলের পরীক্ষা শেষ হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি উপজেলার সোমভাগ ইউনিয়নের বানেশ্বর গ্রামের বাড়িতে যান। এ সময় বাসাটি ফাঁকা ছিল। রাতের কোনো একসময় চোরেরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা একটি কক্ষ থেকে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় এক ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপার গয়না নিয়ে যায়। মালামালের মূল্য প্রায় তিন লাখ টাকা। বাড়ি ফিরে চুরির বিষয়টি জানতে পারেন। পরে পুলিশকে জানানো হয়। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।


ভালুকায় নিখোঁজ কৃষকের লাশ

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মালেক ওই এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর ভোর ছয়টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। নিহতের ভাতিজা আকরাম হোসেন বলেন, তাল কুড়াতে যাওয়ার কথা ছিল তার। বুধবার সকালে ছেলে সুজন খোঁজাখুঁজির একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা পুকুরে বাবার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ভালুকা মডেল থানার এসআই মো: ইসমাইল হোসেন বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। ভালুকা (ময়মনসিংহ)।


ডিমলা সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ

নীলফামারীর ডিমলা উপজেলার ডাংগাটারী সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা প্রসাধনী ও রেজার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ৫১ বিজিবির একটি টহল দল এসব মালামাল জব্দ করে। বিজিবি জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাংগাটারী বিওপির হাবিলদার উত্তম কুমারের নেতৃত্বে টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। সীমান্ত অতিক্রম করে পণ্য আনার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ভারতীয় অলিভ অয়েল ও বিগ মেটাল ওয়ান টাইম রেজার উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য দেশে আনার চেষ্টা চলছিল। বিজিবি জানিয়েছে, জব্দ মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ করা পণ্যগুলো আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।


নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার উপজেলার কাটাবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ মদের আনুমানিক মূল্য দুই লাখ ৪৬ হাজার টাকা। বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান ও টহল অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা।


পাঁচদোনায় মাদক কারবারিকে কারাদণ্ড

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানে নেহাব গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৪২) ইয়াবাসহ আটক করে আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে সাজা দেয়া হয়। পুলিশ জানায়, দেলু এলাকার মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাধবদী (নরসিংদী) সংবাদদাতা।


ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের তুলারামপুর এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি কাটা পড়েন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সদর থানার ওসি রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। নড়াইল প্রতিনিধি।


নলকূপে পানির বদলে উঠছে গ্যাস

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে গভীর নলকূপে পানির বদলে প্রাকৃতিক গ্যাস উঠছে। সেই গ্যাসে আগুনও জ্বলছে। গ্রামে মানুষের ভিড় জমেছে। নয়ার-চর গ্রামের ব্যবসায়ী কামাল খাবার পানি সংগ্রহের জন্য এক মাস আগে বাড়ির আঙ্গিনায় নলকূপ স্থাপন করেন। কয়েকদিন পর দেখা যায়, পাইপ দিয়ে পানি নয়, গ্যাস বের হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে স্থানীয়রা পাইপের মুখে দেশলাই জ্বালিয়ে আগুন ধরান। জমির মালিক কামাল বলেন, নিরাপদ পানি সংগ্রহের জন্য নলকূপ বসানো হয়েছিল। পরে গ্যাস বের হওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। খবর ছড়িয়ে পড়লে কয়েক শ’ মানুষ জড়ো হন। প্রশাসন বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা।


দারুল ফালাহ মাদরাসায় সিরাত কনফারেন্স

নগরীর সুবিদবাজারের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে গত মঙ্গলবার দারুল ফালাহ মডেল মাদরাসা আয়োজিত সিরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আলী হাসান উসামা বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ সা:-এর আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মকে রাসূল সা:-এর আদর্শে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সিরাতের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করে নৈতিক গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে। মাদরাসার ইনচার্জ নুরুল হুদা আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে সিরাতবিষয়ক বক্তব্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। সিলেট ব্যুরো।


মিঠামইনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ গোপদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- দক্ষিণ গোপদীঘি গ্রামের আব্দুল কাদেরের মেয়ে হাফিজা আক্তার (৫) এবং একই এলাকার জুয়েল মন্ডলের ছেলে জয়ন্ত মন্ডল (৬)। পুলিশ জানায়, সকালে বাড়ির পিছনে খেলতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মিঠামইন থানার এসআই শাহাদাত হোসেন জানান, শিশু দুইটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা।