বগুড়া অফিস
আজ ৫ জুলাই অনুষ্ঠেয় বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) দ্বিবার্ষিক (জুলাই ২৬ থেকে জুন ২০২৮) নির্বাচনে দায়িত্ব পালনকালে পক্ষপাতিত্বের অভিযোগ বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: মাসুদ রানাকে তার নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বগুড়া চেম্বারের নির্বাচন পরিচালনাকালে নিয়ম লঙ্ঘন করে একটি প্যানেলের পক্ষে ভোটার পরিচয়পত্র বিতরণসহ পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা: আছিয়া খাতুন তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন। মোছা: আছিয়া খাতুনের ৩ জুলাই সইকরা এক পত্রে বিষয়টি জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়। এর আগে শুক্রবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে একটি প্যানেলকে বিজয়ী করতে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন সভাপতি প্রার্থী সেলিম রেজা । সংবাদ সম্মেলনে পক্ষপাতের অভিযোগ এনে অবিলম্বে পরিচালনা কমিটি বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান তিনি। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চেম্বারের বর্তমান প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমকে শনিবার স্বারকলিপি দিয়েছেন সভাপতি প্রার্থী সেলিম রেজা ও তার প্যানেলের প্রার্থীরা।
উল্লেখ্য আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ টিটু মিলনায়তনে সভাপতিসহ ১২টি পদে এক হাজার ৭৭ জন ভোটার ভোট দেবেন।



