আলটিমেট চ্যাম্পিয়নশিপে ডুপ্লান্তিসের রাজত্ব

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নতুন মঞ্চ, নতুন আবহ, নতুন ফরম্যাট। অ্যাথলেটিকসের প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে বিশ্ব অ্যাথলেটিকসের আয়োজনে শুরু হলো ‘আলটিমেট চ্যাম্পিয়নশিপ’। তবে বুদাপেস্টের জমকালো উদ্বোধনী রাতে অবশ্য নতুনত্বের সব আলো কেড়ে নিলেন পুরনো সেই চেনা মুখ, পোল ভোল্টের সুপারস্টার আরমান্ড ডু প্লান্তিস।

২০ হাজারের বেশি দর্শকের সামনে দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আবারো নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন। প্রতিযোগিতার শিরোপা নিশ্চিত করার পর তার লক্ষ্য ছিল আরো একবার বিশ্বরেকর্ড ভাঙা। ৬.৩২ মিটার উচ্চতায় উঠে ক্যারিয়ারের ১৬তম বিশ্বরেকর্ডের হাতছানি পেয়েছিলেন সুইডিশ তারকা। তবে শেষ পর্যন্ত সফল হননি।

তবু রাতটা তারই। গ্রিসের এমানুইল কারালিসের সাথে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে উদ্বোধনী আলটিমেট চ্যাম্পিয়ন হন সুইডিশ তারকা। পুরস্কার হিসেবে পান এক লাখ ৫০ হাজার ডলার। পুরো প্রতিযোগিতার জন্য রাখা হয়েছে রেকর্ড এক কোটি ডলারের পুরস্কার।

উদ্বোধনী রাতটিকে আরো বিশেষ করে তুলেছেন দুপ্লান্তিস নিজেই। প্রতিযোগিতার আনুষ্ঠানিক গান লিখেছেন এবং রেকর্ডও করেছেন তিনি। নিজের নতুন এই অভিজ্ঞতা নিয়ে দুপ্লান্তিস বলেন, উত্তেজনা ও স্নায়ুচাপ দুই অনুভূতি নিয়েই তিনি প্রতিযোগিতায় এসেছিলেন।