চাঁদা দাবির অভিযোগে দুই নেতা গণপিটুনির শিকার

Printed Edition

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটেছে। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। গত সোমবার রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লার বিরুদ্ধে একই ইউনিয়নের বালু ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সদস্য জহিরুল ইসলামের কাছে ২০ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছিল।

সোমবার রাতে টাকা দেয়ার কথা বলে জাকির মোল্লাকে ঘটনাস্থলে ডাকা হলে তিনি সহযোগী আব্দুর রাজ্জাক মোল্লাকে নিয়ে সেখানে যান। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করা হয় এবং মুচলেকা নেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়।

তবে জাকির মোল্লা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এদিকে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।