আনাদোলু এজেন্সি
ইউক্রেনের তিনটি নির্দিষ্ট স্থানে সামরিক হামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি । তিনি বলেছেন. কিয়েভ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার পরেই এই সামরিক অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি জানান, ইরানের সশস্ত্র বাহিনী আক্রমণ পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় ছিল। কিন্তু পরবর্তীতে ইউক্রেন ক্ষমা চাওয়ায় পরিকল্পনাটি বাস্তবায়ন করা হয়নি। এই উত্তেজনার সূত্রপাত হয় গত ২৫ জুলাই, যখন ইরান অভিযোগ করে যে কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। তেহরানের দাবি অনুযায়ী, ওই ঘটনায় এক নাবিক প্রাণ হারান এবং আরো একজন আহত হন। ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সাথে ফোনালাপে এই হামলার জন্য কিয়েভকে কড়া জবাবদিহি ও পূর্ণ ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান।
অন্যদিকে, কাস্পিয়ান সাগরের এই ঘটনাকে সরাসরি ইরানের ওপর আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছিল ক্রেমলিন। রাশিয়ার দাবি, এই হামলা প্রমাণ করে যে ইউক্রেনীয় হুমকি প্রতিহত করা কতটা জরুরি। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দেন, বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘ভুলবশত বা অনিচ্ছাকৃত’ বলে চালিয়ে দেয়ার ইউক্রেনীয় ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে কিয়েভকে প্রকাশ্যে পূর্ণ দায়ভার গ্রহণ করতে হবে।



