শাবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন

Printed Edition

সিলেট ব্যুরো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা ও সিলেটের ১৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতির খবর পাওয়া যায়নি।

ভর্তি কমিটি জানিয়েছে, ‘এ’ ইউনিটে ৯৮৫ আসনের বিপরীতে ৪৩ হাজার ২৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ৮১.৮১ শতাংশ। প্রতি আসনের বিপরীতে গড় প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৩.৮৯ জন। পরীক্ষায় মোট আবেদন করেছিলেন ৫২ হাজার ৮২৩ জন। আবেদনের ভিত্তিতে ‘এ’ ইউনিটে প্রতি আসনে গড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ৫৩ দশমিক ৬৪ জন।

ভর্তি কমিটির তথ্য মতে, ‘এ’ ইউনিটে ঢাকায় পরীক্ষা দিয়েছেন ৩৫ হাজার ৮৯৫ জন। ঢাকায় উপস্থিতির হার ৮২.৯৮ শতাংশ। অনুপস্থিত সাত হাজার ৩৬২ জন। ঢাকায় পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৪৩ হাজার ২৫৭ জন শিক্ষার্থী। সিলেটে পরীক্ষা দিয়েছেন সাত হাজার ৩৪০ জন। সিলেটে উপস্থিতির হার ৭৬.৫৪ শতাংশ। আর সিলেটে আবেদন করেছিলেন ৯ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। অনুপস্থিত দুই হাজার ২৪৬ জন।

এদিকে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী তিন থেকে চার দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষার সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

এদিকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্র পরিদর্শন করেন ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

অপরদিকে সিলেটে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ভিসি প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমদ, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো: আহমদ কবির চৌধুরী, সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির প্রমুখ। ভর্তিচ্ছুদের পাশে ছাত্রসংগঠনগুলো

শাবিপ্রবি প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় বিভিন্ন ছাত্রসংগঠন সহায়তা কেন্দ্র স্থাপন করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র মজলিস ও বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার শাবিপ্রবি শাখা পরীক্ষার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে দিনভর নানা সেবা কার্যক্রম পরিচালনা করছে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে সহায়তা কেন্দ্র স্থাপনের বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান গণমাধ্যমকে বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জরুরি সেবা দেয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। আমরা মোটরসাইকেল সেবা, পানি, কলম, ক্যালকুলেটর সরবরাহ করছি।

কেউ প্রবেশপত্র নিয়ে আসতে ভুলে গেলে সেটি সংগ্রহ করে দেয়ার ব্যবস্থাও রয়েছে।

পাশাপাশি অভিভাবকদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আগামীকালও এই সেবা অব্যাহত থাকবে। ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে দুই দিনব্যাপী তথ্য ও সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এখানে পানি, কলম, চকোলেট, ক্যালকুলেটরসহ মোটরসাইকেল সেবা দেয়া হচ্ছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে নেয়া নিষিদ্ধ বস্তু রাখার ব্যবস্থা ও অভিভাবকদের বসার স্থান রয়েছে।

ইসলামী ছাত্র মজলিসের শাবিপ্রবি শাখার সভাপতি জুনায়েদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এখানে পানি, মাস্ক, কলম ও চকোলেট দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করা হচ্ছে।