২৫ বছর ধরে যা করছেন ইকবাল

Printed Edition
২৫ বছর ধরে যা করছেন ইকবাল
২৫ বছর ধরে যা করছেন ইকবাল

নবীন চৌধুরী

২৫ বছর ধরে কলম, বই, ফুটবলসহ খেলাধুলার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন প্রকৌশলী মো: ইকবাল হোসেন। তিনি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড নামক অন্যতমএকটি ওষুধ কারখানার কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তবে বেশির ভাগ সময় কলম বিতরণ করার ফলে লোকজনের কাছে তিনি একজন ‘কলম ভাই’ নামে পরিচিত। তিনি একজন সাবেক ফুটবলার, একসময় ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবে ছিলেন। তৎকালীন ফুটবল লিগের খ্যাতনামা ফুটবলারদের সাথে বেশ পরিচিত ছিলেন। এ জন্য ফুটবল খেলার প্রতি তার ব্যাপক আগ্রহ। তার মূল উদ্দেশ্য হচ্ছে ‘সুস্বাস্থ্য এবং সুশিক্ষায় সুশিক্ষিত’। এতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ! তাই, খেলাধুলা বিশেষ করে ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা ও প্রেম। এ প্রেমটা সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য। যেহেতু তিনি ফুটবলার ছিলেন সেহেতু বাংলাদেশের বিভিন্ন জেলায় তৃণমূল পর্যায়ে মাঠে উপস্থিত হয়ে শিশু, কিশোর ও যুবক খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা দানে ফুটবলসহ খেলাধুলার সামগ্রী বিতরণ করে থাকেন। চাকরির ক্ষেত্রে একমি ল্যাবরেটরিজ লিমিটেড ধামরাই শাখায় প্রায় ২৫ বছর ধরে কাজ করে যাচ্ছেন। প্রকৌশলী মো: ইকবাল হোসেন স্থায়ীভাবে ধামরাই বড় চন্দ্র্রাইলে বসবাস করছেন। দেখা যায়, প্রায় দিনে শিশু-কিশোর ও যুবকদের দেখলেই পকেট থেকে লেখার উপকরণ হিসেবে কলম উপহারস্বরূপ দিয়ে থাকেন। সবসময় মুখে হাসির ঝিলিক থাকে। শুধু পরিচিত জনই নয়, অপরিচিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যেও তিনি এই কলম উপহার দেন। নিজের কর্মস্থলে যারা আছেন সব কলিগকেও তিনি প্রতিনিয়ত কলম উপহার দিয়ে থাকেন। যাকে সবসময় সাদা মনের মানুষ বলে জানে অনেকে। শুধু কলমই নন, অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণও দিয়ে থাকেন। তাই ধামরাইয়ের লোকজন প্রকৌশলী মো: ইকবাল হোসেনকে ‘কলম ভাই’ নামে বলে ডাকেন। কারণ ইকবাল হোসেন শুধু ধামরাইতেই প্রায় ২৩ বছর ধরে কলম বিতরণ করে যাচ্ছেন। এর আগেও তিনি এ কাজ করেছেন। তিনি শুধু ধামরাইতেই নয় বিভিন্ন জেলায় হাসপাতালে, স্কুল, কলেজে গিয়েও এসব উপকরণ বিতরণ করে থাকেন। এ বিষয়ে প্রকৌশলী মো: ইকবাল হোসেন বলেন, আগে ফেসবুক ছিল না, তাই কিছু উপহার দিলে কেউ জানত না। এখন সবাই জানে। সবমিলিয়ে প্রায় ৩০ বছর ধরে আমি এসব উপকরণ দিচ্ছি। এটি শিক্ষার্থীদেরকে উৎসাহ দেয়া, উপহার সামান্য; কিন্তু উৎসাহ বিশাল। আর উপহার দেয়া আমার একধরনের নেশা, ভালোলাগা। মূলকথা, আমি আমার সামর্থ্য অনুযায়ী দেশের জন্য অবদান রেখে যাচ্ছি। তাই যার যার জায়গা থেকে নিজ সামর্থ্য অনুযায়ী দেশের জন্য বিশেষ অবদান রাখা উচিত।