নিজস্ব প্রতিবেদক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এক ময়লার স্তূপে আগুন লাগে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, আগুন লাগার খবর পাওয়ার পরপরই বিমানবন্দর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সূত্রটি। একই সাথে আগুনে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম কিংবা ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘœ ঘটেনি। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত পরিচালনা করবে। কেপিআই এলাকায় বারবার করে আগুন লাগার বিষয়গুলোকে স্বাভাবিক মনে করছেন না অনেকে।
উল্লেখ্য, এর আগেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অন্তত দুই দফা একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।



