ফ্রান্সের ভার্সাই প্রাসাদে হ্যারি পটারের ২৫ বছরপূর্তি উদযাপন

Printed Edition

ফ্রান্স থেকে প্রতিনিধি

হ্যারি পটার চলচ্চিত্রের প্রথম পর্ব মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের ভার্সাই প্রাসাদের বাগানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ আগস্ট আয়োজিত অনুষ্ঠানের নাম ছিল ‘রেতুর আ পুদলার’ যার অর্থ ‘হগওয়ার্টসে ফিরে যান’। ভার্সাইয়ের বাগানের নির্দিষ্ট অংশে হ্যারি পটার সিরিজের আবহ তৈরির জন্য বিভিন্ন ধরনের সাজসজ্জা ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। সিরিজের চারটি হাউসের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাকে বিপুলসংখ্যক হ্যারি পটারভক্ত অনুষ্ঠানে যোগ দেন। অংশগ্রহণকারীদের অনেকে জাদুকরের পোশাক, টুপি ও জাদুর কাঠি নিয়ে সেখানে উপস্থিত হন। অনুষ্ঠানটিতে ফরাসি ভাষায় হ্যারি পটার চরিত্রগুলোর কণ্ঠ দেয়া কয়েকজন শিল্পীর সাথে দেখা করার সুযোগও ছিল বলে জানা গেছে।

হ্যারি পটার চলচ্চিত্রের মূল অভিনেতাদের অংশগ্রহণের বিষয়ে অবশ্য ভিন্নতা ছিল। ভার্সাইয়ের ইভেন্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান হ্যারি পটার সিরিজের শনাক্তযোগ্য চরিত্র ব্যবহার করতে পারেনি এবং চলচ্চিত্রের অভিনেতাদেরও অনুষ্ঠানে আনার অনুমতি ছিল না। এর ফলে হ্যারি পটারের ভূমিকায় অভিনয় করা ড্যানিয়েল র‌্যাডক্লিফসহ মূল অভিনেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

প্রতিবেদনে আরো বলা হয়, ভার্সাইয়ের ইভেন্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং ওয়ার্নারের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে একটি চুক্তি হয়। চুক্তির আর্থিক মূল্য এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এই সহযোগিতার সাথে ভার্সাইয়ের আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি জড়িত রয়েছে। ঐতিহাসিক স্থাপনাটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য বড় ধরনের অর্থের প্রয়োজন হয়। এ কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অংশীদারত্বের মাধ্যমে আয় বাড়ানোর বিষয়টি ভার্সাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। তবে হ্যারি পটার আয়োজন থেকে ভার্সাইয়ের কত আয় হয়েছে বা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশিত হয়নি।

হ্যারি পটার চলচ্চিত্রের প্রথম পর্ব ‘ হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার’স স্টোন’ ২০০১ সালে মুক্তি পায়। সেই চলচ্চিত্র মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে ২০২৬ সালে বিভিন্ন দেশে হ্যারি পটারকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ভার্সাইয়ের অনুষ্ঠানটি ফ্রান্সে এ ধরনের আয়োজনের একটি অংশ বলে জানার গেছে।

ভার্সাই প্রাসাদ ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা। সেখানে জনপ্রিয় সংস্কৃতির একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের অনুষ্ঠান আয়োজনের বিষয়টি এই কারণে আলাদা গুরুত্ব পেয়েছে।