ব্যবসায়ীদের আস্থায় আনা ও ব্যাংক হিসাব সচল করা জরুরি : ফাহমিদা খাতুন

Printed Edition
ব্যবসায়ীদের আস্থায় আনা ও ব্যাংক হিসাব সচল করা জরুরি : ফাহমিদা খাতুন
ব্যবসায়ীদের আস্থায় আনা ও ব্যাংক হিসাব সচল করা জরুরি : ফাহমিদা খাতুন

ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি ও প্রতিহিংসামূলক মামলা-হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। শনিবার এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্র্যাসি’ আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ফাহমিদা খাতুন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি চরম চাপে পড়বে। এই সঙ্কট মোকাবেলায় যাচাই-বাছাইসাপেক্ষে ব্যবসায়ীদের বন্ধ ব্যাংক হিসাব খুলে দেয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক পটপরিবর্তনে ঢালাওভাবে ব্যবসায়ীদের ওপর কালিমা লেপন বা প্রতিহিংসাচরিতার্থ করা ঠিক নয়। তবে যারা অন্যায় করেছেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কেন্দ্রীয় ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, অতীতে প্রতিষ্ঠানটিকে রাজনীতিকরণ করায় ঋণখেলাপি বেড়েছে। একে পবিত্র প্রতিষ্ঠান হিসেবে রক্ষা করতে হবে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার জরুরি। বর্তমান গভর্নর মোস্তাকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলোকে দেয়া হাজার কোটি টাকার তারল্য সহায়তার সিদ্ধান্তগুলো আগের গভর্নরের সময় নেয়া হয়েছিল। নতুন গভর্নরের কাজের মূল্যায়নের জন্য আরো সময় দেয়া প্রয়োজন।

অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি ও সনদপত্র দেয়া হয়। বিজ্ঞপ্তি।