বেড়া ও ধামরাইয়ে ৪২০০ লিটার ডিজেল জব্দ, এক লাখ টাকা জরিমানা আদায়

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পাবনার বেড়া ও ঢাকার ধামরাইয়ে পৃথক অভিযানে অবৈধভাবে মজুদ করা মোট চার হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে বেড়ায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বেড়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার বেড়া উপজেলার কাজীরহাট বাজারে গত রোববার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিঠু স্টোর ও মুন সিগমা স্টোরে তল্লাশি চালিয়ে যথাক্রমে এক হাজার ৬০০ লিটার ও দুই হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মিঠু স্টোরের মালিক আব্দুল কদ্দুস ও মুন সিগমা স্টোরের মালিক আব্দুস ছালামকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ তেল পরে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের কাছে সরকারি দরে বিক্রি করা হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকায় রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলের মজুদের সত্যতা মিললেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। প্রশাসনের এসব অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।